চাটখিল টিভি ডেস্কঃ
নোয়াখালী নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল থেকেই ছিটকে গেছে চাটখিল উপজেলা দল। শনিবার শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে হাতিয়া উপজেলার কাছে ৩-০ গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা।
জেলা প্রশাসন, নোয়াখালীর ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া অফিস ও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ২ থেকে ১০ মে পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
ম্যাচের শুরু থেকেই দুর্বল পারফরম্যান্স দেখায় চাটখিল দল। আক্রমণ, রক্ষণ ও মাঝমাঠ সব বিভাগেই ছিল সমন্বয়ের অভাব। অন্যদিকে পুরো ম্যাচজুড়ে আধিপত্য বজায় রাখে হাতিয়া।
শক্তিশালী দল গঠনে ব্যর্থ হওয়ায় শুরু থেকেই পিছিয়ে ছিল চাটখিল। দক্ষ ১১ জন কিশোর ফুটবলার নিয়ে দল গঠন করতে না পারার প্রভাব পড়েছে মাঠের খেলায়।
দর্শকদের মতে, হাতিয়া দল আরও কয়েকটি সহজ সুযোগ কাজে লাগাতে পারলে ব্যবধান বড় হতে পারত। চাটখিলের দলের এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন সমর্থকরাও।