চাটখিল টিভি ডেস্কঃ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে নোয়াখালীর চাটখিলে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ সোমবার (১১ মে ২০২৬) চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে দায়িত্বশীল হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার প্রকাশনা সম্পাদক মুশফিকুজ জামান তামিম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল সদর আদর্শ থানা শাখার সভাপতি আবু সুফিয়ান রাহাত এবং চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ শাখার সভাপতি নাঈম রহমান ইফাতসহ সংগঠনের অন্যান্য স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রতি বছর ১১ মে বাংলাদেশে ঐতিহাসিক কুরআন দিবস হিসেবে পালিত হয়। ১৯৮৫ সালের ১১ মে পবিত্র কুরআনের মর্যাদা রক্ষার দাবিতে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক ঈদগাহ ময়দানে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। সেই সমাবেশে তৎকালীন পুলিশি হামলায় ও গুলিবর্ষণে ৮ জন কুরআনপ্রেমী মানুষ শহীদ হন। এই ঘটনার স্মরণে এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর এই দিনটিকে "ঐতিহাসিক কুরআন দিবস" হিসেবে পালন করা হয়।
আজকের এই ক্যাম্পেইনে কলেজের অনেক সাধারণ শিক্ষার্থী সম্পূর্ণ বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করার সুযোগ পান। শিবিরের নেতৃবৃন্দ জানান, কুরআনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবসেবামূলক কাজের অংশ হিসেবেই তারা এই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছেন এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।