
নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল দুপুরেও যে বাড়ির মালিকানা আর ক্ষমতার দম্ভে কাঁপছিল চারপাশ, আজ দুপুরে সেই বাড়িতেই তিনি পড়ে রইলেন নিথর দেহ হয়ে। ২৪ ঘণ্টার ব্যবধানে বদলে গেল সব হিসাব-নিকাশ। যে বাড়ি নিয়ে ছিল এত অহংকার, আজ সেই বাড়ির উত্তরসূরিরা ব্যস্ত হয়ে পড়েছেন কার ভাগে কোন ফ্ল্যাট পড়বে—তার হিসেব মেলাতে। অবসান ঘটলো এক বাড়িওয়ালার দম্ভের অধ্যায়ের।
ঘটনার সূত্রপাত গতকাল দুপুরে। রাজধানীর একটি ভাড়া বাসায় কয়েকজন কলেজপড়ুয়া ছাত্রী থাকতেন। সাধারণত প্রতি মাসে বিদ্যুৎ বিল আসতো ৪০০ টাকার মতো। কিন্তু চলতি মাসে হঠাৎ করেই বাড়িওয়ালা পূর্বের ব্যবহৃত ১০০০ ইউনিটের বকেয়া বিদ্যুৎ বিল বাবদ অতিরিক্ত ২৪০০ টাকা দাবি করেন ছাত্রীদের কাছে। ছাত্রীরা জানান, এই বিদ্যুৎ তারা ব্যবহার করেননি, এটি তাদের ওঠার আগের বিল।
তবুও মানবিকতা ও ভদ্রতার খাতিরে ছাত্রীরা ৬০০ টাকা দিতে রাজি হন। কিন্তু বাড়িওয়ালা তা মেনে নেননি। উল্টো ছাত্রীদের গালাগালি ও ধমকাধমকি করে অবিলম্বে বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।
ভাড়াটিয়া ছাত্রীদের মধ্যে কয়েকজন তখন কলেজের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। পরীক্ষার এই সংকটকালীন সময়ে হুট করে কোথায় যাবেন, সেই আকুতি জানিয়ে ছাত্রীরা বাড়িওয়ালার হাত-পায়ে ধরে অনুরোধ করেন। বাবার বয়সী বাড়িওয়ালাকে উদ্দেশ্য করে এক ছাত্রী বলেন, *”আপনার নিজের মেয়েরা এমন পরিস্থিতিতে পড়লে কি আপনি এটা করতে পারতেন? আমাদের পরীক্ষার জন্য অন্তত একটা মাস সময় দিন।”*
কিন্তু সেই আকুতি মন গলাতে পারেনি বাড়িওয়ালার। উল্টো ক্ষিপ্ত হয়ে হুমকি দিয়ে বলেন, *”এই মেয়ে তুমি বেশি কথা বলো, চুপ থাকো নয়তো মুখ কিন্তু সেলাই করে দিব।”*
অসহায় ছাত্রীরা নিরুপায় হয়ে গতকাল বিকেলেই নতুন বাসার খোঁজে বের হন। পরিচিতদের কাছে কান্নাকাটি করে সাহায্য চান। কিন্তু মাসের শেষ সময়ে হুট করে এতগুলো মানুষের থাকার মতো বাসা পাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। চরম মানসিক চাপ আর অনিশ্চয়তার মধ্যে কাটে তাদের বিকেল ও সন্ধ্যা।
তবে ভাগ্যের নির্মম পরিহাস ডানা মেলে গভীর রাতে। রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ করেই সেই বাড়িওয়ালার রক্তচাপ (প্রেসার) আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। পরিবারের সদস্যরা ধরাধরি করে হাসপাতালে নেওয়ার পথেই মাঝরাস্তায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকদের ধারণা, তিনি স্ট্রোক করেছিলেন।
যে ছাত্রীদের তিনি “মুখ সেলাই” করে দেওয়ার হুমকি দিয়ে ঘর থেকে বের করে দিতে চেয়েছিলেন, রাত পৌনে তিনটার দিকে তারাই জানতে পারেন—তাদের সেই ‘ক্ষমতাধর’ বাড়িওয়ালা আর ইহজগতে নেই।
আজ দুপুরে যখন সেই বাড়িওয়ালার জানাজার প্রস্তুতি চলছিল, তখন এক নির্মম দৃশ্য দেখা যায়। বাবার লাশ তখনও দাফন করা হয়নি, অথচ উনার ছেলেমেয়েরা মেতে উঠেছেন সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে। কে কোন ফ্ল্যাট নিবেন, কোন জমিটা কার ভাগে পড়বে—তা নিয়ে চলছিল ফিসফাস আলোচনা। মানুষটি যে বাড়ি নিয়ে এত দম্ভ করেছিলেন, মৃত্যুর কয়েক ঘণ্টার মাথায় সেই বাড়ির ওপর থেকে তার নাম মুছে গিয়ে তিনি শুধুই একখণ্ড “লাশ”-এ পরিণত হলেন।
এদিকে ভুক্তভোগী ছাত্রীরা পাশের গলিতেই কম ভাড়ায় একটি নতুন বাসার সন্ধান পেয়েছেন। আগামী ১ তারিখেই তারা সেখানে চলে যাচ্ছেন। বাড়িওয়ালার প্রতি কোনো ক্ষোভ আছে কিনা জানতে চাওয়া হলে এক ছাত্রী শান্ত গলায় বলেন, *”মৃত মানুষের ওপর রাগ করে থাকা ঠিক না। উনি উনার হিসাব ঈশ্বরের কাছে দিবেন।”*
এই ঘটনাটি আমাদের সমাজের জন্য এক বিরাট বার্তা দিয়ে গেল। মানুষের অহংকার, অর্থ আর প্রতিপত্তির দম্ভ যে কতটা তুচ্ছ, তা প্রকৃতির এই নির্মম সিদ্ধান্ত আবারও মনে করিয়ে দিল। আজ যিনি ক্ষমতার শীর্ষে, কাল তিনি মাটির নিচে। রয়ে যায় শুধু মানুষের ব্যবহার আর কর্ম।

















