চাটখিল টিভি ডেস্কঃ
নোয়াখালীর চাটখিলে এক নবজাতকের পায়ের হাড় ভেঙে যাওয়ার অভিযোগে একটি বেসরকারি হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নের পিতাম্বরপুর এলাকার বাসিন্দা মো. ইয়াকুব চৌধুরী তার স্ত্রী স্বর্ণা (২০)-এর প্রসবের জন্য গত ২২ জুন ২০২৬ তারিখে চাটখিল দক্ষিণ বাজারস্থ “চাটখিল নরমাল ডেলিভারী হাসপাতাল (প্রাঃ)” এ ভর্তি করান। সেখানে সকাল সাড়ে ১০টার দিকে তার স্ত্রীর স্বাভাবিক প্রসবের মাধ্যমে সন্তান জন্মগ্রহণ করে।
পরে মা ও নবজাতককে বাড়িতে নিয়ে যাওয়ার পর থেকে শিশুটি অস্বাভাবিকভাবে কান্নাকাটি করতে থাকে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে গত ২৫ জুলাই শিশুটিকে চাটখিলের পাল্লা বাজার সড়কের একটি বেসরকারি হাসপাতালে শিশু বিশেষজ্ঞের কাছে নেওয়া হলে পরীক্ষায় নবজাতকের বাম পায়ের উরুর হাড় ভাঙা ধরা পড়ে।
এ ঘটনায় ইয়াকুব চৌধুরীর সন্দেহ, প্রসবের সময় সংশ্লিষ্ট হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বা নার্সের অবহেলার কারণে তার সন্তানের এ অবস্থা হয়েছে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে তিনি চাটখিল থানায় এসে হাসপাতালটির কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে চাটখিল থানার সংশ্লিষ্ট সূত্র জানায়, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।