
অনলাইন ডেস্কঃ
দীর্ঘদিন ধরে টাকা জমাচ্ছিলেন একজন নারী। তার স্বপ্ন ছিল স্বামীকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন। কিন্তু গ্রামের মানুষের কষ্ট দেখে সেই স্বপ্নের টাকা আর নিজের কাছে রাখতে পারলেন না তিনি।
খুলনার ডুমুরিয়ার কেয়াখালী গ্রামের প্রায় ১৫০ ফুট রাস্তা দীর্ঘদিন ধরে কাদা আর পানিতে ডুবে থাকত। বর্ষাকালে সেই রাস্তা দিয়ে শিক্ষার্থী, বৃদ্ধ, অসুস্থ মানুষ সবার চলাচল ছিল ভীষণ কষ্টের। জরুরি সময়ে রোগীকে হাসপাতালে নেওয়াও হয়ে উঠত কঠিন।
স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিদের কাছে বারবার বলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।
শেষ পর্যন্ত গ্রামের মানুষের কষ্ট দেখে হাফেজ মো. ওয়াহিদুজ্জামান স্ত্রীর সঙ্গে কথা বলেন। আর তাঁর স্ত্রীও সিদ্ধান্ত নেন, নিজের ওমরাহ পালনের জন্য জমানো টাকা দিয়েই আগে গ্রামের মানুষের দুর্ভোগ দূর করা হোক।
সেই টাকা দিয়ে ইট-বালু কিনে স্থানীয়দের সঙ্গে নিয়ে রাস্তার সংস্কার করে ফেলেন হাফেজ ওয়াহিদুজ্জামান। তিনি জানান, মানুষের সাহায্য করাও একটা ইবাদাত৷ আমার মনে হয়েছে ওমরাহ কখনো নসিবে থাকলে করতে পারবো কিন্তু এ রাস্তাটা আগে করা উচিত৷

















