
চাটখিল টিভি ডেস্কঃ
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সাম্প্রতিক নির্বাচন নিয়ে এক অনুষ্ঠানে বিএনপি নেতা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেন, সনাতন ধর্মের মানুষদের সমর্থনের কারণেই তারেক রহমান আজ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি মন্তব্য করেন, “বাংলাদেশের সনাতন ধর্মের ভাইদের কারণেই তারেক রহমান আজকে প্রধানমন্ত্রী, অন্য কারও কারণে নয়। মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মের ভাই-বোনদের কারণেই তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন।”
তিনি নির্বাচন কেন্দ্রের হিসাব উল্লেখ করে বলেন, বহু আসন ও কেন্দ্রে যেখানে আগে বিএনপি সুবিধাজনক অবস্থানে ছিল না, সেখানে এবার বড় ধরনের জয় এসেছে। বিশেষ করে ৯৮টি আসনে ধানের শীষের বিজয়ের পেছনে সনাতন ধর্মের ভোটারদের শতভাগ সততা ও সমর্থন মূল ভূমিকা পালন করেছে বলে তিনি দাবি করেন।
বুলু আরও বলেন, সকল সম্প্রদায়ের মানুষই সাম্প্রতিক সময়ে নানা প্রতিকূলতা ও কষ্টের মধ্য দিয়ে গেছেন। তবে সনাতন ধর্মের মানুষেরা তাদের দায়িত্বশীলতা ও ঈমানদারিত্বের যে পরিচয় দিয়েছেন, তা দল ও নেতৃত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুড়িপাড়াসহ বিভিন্ন এলাকার ভোটকেন্দ্রের উদাহরণ টেনে তিনি জানান, ঐতিহাসিকভাবে যেসব কেন্দ্রে আগে ধানের শীষ জয়ী হতে পারেনি, সেখানেও এবার হাজার হাজার ভোটের ব্যবধানে তারা বিজয়ী হয়েছেন।
















