
চাটখিল টিভি ডেস্কঃ
মিটার না দেখে এবং বিদ্যুৎ না থাকা সত্ত্বেও মনগড়া বিদ্যুৎ বিল প্রস্তুত করার অভিযোগ উঠেছে এক বিদ্যুৎ বিল প্রস্তুতকারী কর্মচারীর বিরুদ্ধে। এ নিয়ে গ্রাহক ও উক্ত কর্মচারীর মধ্যে কড়া কথা কাটাকাটি ও তর্কের একটি ঘটনা ঘটেছে।
ভিডিও চিত্র অনুযায়ী, বিল প্রস্তুতকারী কর্মকর্তা গ্রাহকের মিটারের ইউনিট না দেখেই বিল তৈরি করে চলে যাচ্ছিলেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী গ্রাহক। গ্রাহকের প্রশ্নের মুখে ওই কর্মচারী জানান যে, বিল তিনি নিজে করছেন না, অফিস থেকে করা হবে।
তবে গ্রাহক প্রতিবাদ জানিয়ে বলেন, “মিটারে কত ইউনিট তা না লিখে অফিসে পাঠালে সঠিক বিল আসবে কীভাবে?” তিনি আরও অভিযোগ করেন, আশপাশের অন্যান্য বাড়ির বিল লিখে এলেও তার মিটারের রিডিং না দেখেই চলে যাওয়া হচ্ছিল।
বিতণ্ডার এক পর্যায়ে কর্মচারীকে ট্যাবে রিডিং তুলতে না পেরে কারণ হিসেবে এলাকায় বিদ্যুৎ না থাকার অজুহাত দিতে দেখা যায়। গ্রাহকের পরিবার দাবি করে, মিটারে শত শত ইউনিট বেশি দেখিয়ে মনগড়া বিল বসানো হচ্ছে, যা সম্পূর্ণ অন্যায়।
ভুতুড়ে ও কাল্পনিক বিদ্যুৎ বিলের এমন অনিয়ম বন্ধে এবং সাধারণ গ্রাহকদের হয়রানি রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।

















