
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল থানায় একটি অভিযোগের সালিশ করতে এসে আটক হয়েছেন নাসির উদ্দীন নাসু (৫০) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতা।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় চাটখিল থানার গোলঘরে একটি অভিযোগের বিষয়ে সালিশ চলাকালে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাসির উদ্দীন নাসু চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মনগাজী বেপারী বাড়ির বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগ ও কৃষক লীগ নেতা হিসেবে পরিচিত। আওয়ামী লীগ সরকারের আমলে চাটখিল উপজেলায় অবৈধ মাটি ও বালুর ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, নাসির উদ্দীন নাসুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের করা একটি মামলায় আসামি হিসেবে নাম রয়েছে। শনিবার (১৭ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

















