
চাটখিল টিভি ডেস্কঃ
নোয়াখালীর চাটখিলের কুটুম ঘর অ্যান্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত ৫ দিনব্যাপী ‘নারী উদ্যোক্তা মিলন মেলা ২০২৬’-এ নারী ক্ষমতায়ন ও উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর আড়ালে লটারির নামে জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে। মাত্র ২০ টাকার টিকিটে স্বর্ণের আংটিসহ লোভনীয় সব পুরস্কারের লোভ দেখিয়ে সাধারণ মানুষকে এই প্রক্রিয়ায় প্রলুব্ধ করা হচ্ছে বলে স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে জানা গেছে, গত ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া এই মেলার মূল আয়োজক ‘সুলতানা কুইন’। মেলায় বিভিন্ন স্টলে নারী উদ্যোক্তাদের শাড়ী, থ্রি-পিস ও কসমেটিকস বিক্রির কথা থাকলেও বর্তমানে মেলা প্রাঙ্গণের মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে ২০ টাকা মূল্যের লটারির টিকিট। এই লটারিতে প্রথম পুরস্কার হিসেবে স্বর্ণের আংটি, দ্বিতীয় পুরস্কার রূপার ব্রেসলেট এবং তৃতীয় পুরস্কার হিসেবে ২ হাজার টাকার গিফটবক্স দেওয়ার ঘোষণা দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত দেদারসে টিকিট বিক্রি করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, নারী উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার মহতী উদ্যোগের আড়ালে এভাবে লটারির আয়োজন আসলে এক ধরণের ভাগ্য পরীক্ষা বা জুয়া, যা সাধারণ মানুষকে প্রতারিত করার একটি কৌশল মাত্র। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও নিম্নআয়ের সাধারণ মানুষ এই লোভনীয় ফাঁদে পা দিয়ে প্রতিদিন টাকা খোয়াচ্ছেন। মেলা প্রাঙ্গণে প্রকাশ্যেই এই কর্মকাণ্ড চললেও স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ সাধারণ মানুষের।
মেলায় আসা একাধিক দর্শনার্থী ক্ষোভ প্রকাশ করে জানান, উদ্যোক্তা মেলার মতো একটি সৃজনশীল আয়োজনের নামে এমন অনৈতিক লটারি কোনোভাবেই কাম্য নয়। প্রশাসনের নাকের ডগায় এমন আয়োজন চললেও কর্তৃপক্ষের নীরবতা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। মেলা থেকে অবিলম্বে এই লটারি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন চাটখিলের সচেতন নাগরিকরা।

















