
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার হরিকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান আরবি শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইশরাত নাসিমা হাবিব।
পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
বুধবার (২৪ জুন) হরিকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় জেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ের সার্বিক পরিবেশ এবং শিক্ষার্থীদের আরবি শিক্ষার প্রতি গভীর আগ্রহ দেখে সন্তোষ প্রকাশ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন:”শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এই আরবি শিক্ষা কার্যক্রম একটি অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী উদ্যোগ।”
পরিদর্শনকালে জেলা শিক্ষা অফিসারের সাথে আরও উপস্থিত ছিলেন:লাভলি ইয়াসমিন,সহকারী উপজেলা শিক্ষা অফিসার, চাটখিল।আকবর হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, চাটখিল।
পরিদর্শনকালে সহকারী উপজেলা শিক্ষা অফিসারদ্বয় বিদ্যালয়ের সার্বিক প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক জেলা শিক্ষা অফিসারের সামনে তুলে ধরেন। পরিদর্শন শেষে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং বিদ্যালয়ের এই সুন্দর শিক্ষা কার্যক্রমকে ভবিষ্যতে আরও বেগবান ও গতিশীল করার আশ্বাস প্রদান করেন।
















