
চাটখিল টিভিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার প্রধান সড়কে ধান শুকানোর কারণে যানচলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
বিশেষ করে চাটখিলের দশঘরিয়া বাজারের পর কারী সাহেব পোল সংলগ্ন মেইন সড়কের ওপর ধান শুকাতে দেওয়ার ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা ও পথচারীরা।
সরেজমিনে দেখা যায়:উপজেলার গুরুত্বপূর্ণ সড়কের এক পাশ দখল করে ধান শুকাতে দিচ্ছেন স্থানীয়রা।
দশঘরিয়া সংলগ্ন কারী সাহেব পোল এলাকায় সড়কের অনেকটা অংশ জুড়ে ধান বিছিয়ে রাখায় যানবাহন চলাচলের পথ সরু হয়ে গেছে। এর ফলে দ্রুতগতির যানবাহনগুলো নিয়ন্ত্রণ হারাতে পারে এবং বিপরীত দিক থেকে আসা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি তৈরি হচ্ছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, মেইন সড়ক কোনোভাবেই ফসল শুকানোর জায়গা হতে পারে না। এটি জনসাধারণের নিরাপত্তার পরিপন্থী। তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন যাতে সড়ক থেকে এসব প্রতিবন্ধকতা সরিয়ে নিরাপদ যানচলাচল নিশ্চিত করা হয়।
ভুক্তভোগীরা এই বিষয়ে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।





















