
চাটখিল টিভি ডেস্কঃ
আনন্দ আর উৎসবের আলোয় ম্লান করে দিয়ে বিয়ের মাত্র দুদিন আগে চিরবিদায় নিল ১৬ বছরে পা দেওয়া কিশোরী সুমাইয়া।
আগামী কাল বৃহস্পতিবার তার গায়ে হলুদ এবং পরশু শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল। কিন্তু তার আগেই আজ বুধবার দুপুরে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে সে।
নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ছোট জীবনগর গ্রামের ঘনিষ্ট বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত সুমাইয়া ওই বাড়ির শাকসবজি ব্যবসায়ী রায়হানের কন্যা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুমাইয়া যখন খুব ছোট, তখনই তার বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। পরবর্তীতে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। সৎ মা ও বাবার সঙ্গেই একই বাড়িতে বসবাস করে আসছিল সুমাইয়া। সম্প্রতি পরিবারের পক্ষ থেকে তার বিয়ের সব আয়োজন সম্পন্ন করা হয়েছিল।
এদিকে আকস্মিক এই আত্মহত্যার পেছনে বিয়ের অমত নাকি অন্য কোনো পারিবারিক ক্ষোভ লুকিয়ে ছিল, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও কানাঘুষা চলছে। তবে ঠিক কী কারণে সুমাইয়া নিজেকে শেষ করে দেওয়ার মতো চরম পথ বেছে নিল, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বা সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের লক্ষ্যে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।




















