
চাটখিল টিভি ডেস্কঃ
নোয়াখালীর চাটখিল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে এক যুবকের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. রাসেল (পিতা: মরহুম আমিন উল্যাহ) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাসেল জানান, গত ৭ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে নিজ ভাওর এলাকায় রিকশাযোগে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা হয়। বাড়ির সামনের কবরস্থানের কাছে ওত পেতে থাকা তার চাচা ছিদ্দিক উল্যাহর নেতৃত্বে কিশোর গ্যাং লিডার শ্রাবণ, আরাফাত সামির, শাওন ও সাইফুলসহ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তাকে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় পাশের খালে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ভুক্তভোগীর দাবি অনুযায়ী, বিরোধের সূত্রপাত হয় ২০২৪ সালের বন্যার সময় তাদের ঘরের মাটি ধসে পড়াকে কেন্দ্র করে। সে সময় তার বড় ভাবির ওপর রড দিয়ে হামলা চালানো হয়েছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসা করে দিলেও বিবাদীরা তা অমান্য করে এবং রাসেলের চাচাতো ভাই প্রবাস থেকে তাকে ৫০ লক্ষ টাকা খরচ করে হলেও প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন।
রাসেল আরও অভিযোগ করেন যে, চাটখিল থানায় মামলা করতে গেলে বিবাদীদের প্রাণনাশের হুমকির কারণে তিনি বাধ্য হয়ে নোয়াখালী জজ কোর্টে মামলা দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি স্থানীয় সংসদ সদস্য, জেলা পুলিশ সুপার এবং চাটখিল থানার ওসিসহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি ঘটনার সুষ্ঠু তদন্ত ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।





















