
চাটখিল টিভি ডেস্কঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার এক জামায়াত নেতার বাড়ি থেকে সরকারি বরাদ্দের ৯৯ বস্তা চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার এলাকার একটি বাড়ি থেকে এই চাল উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত মো. আবদুস সামাদ (ডাক্তার সামাদ) সুবর্ণচর উপজেলার চর জুবিলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আবদুস সামাদ তার বাড়িতে সরকারি চাল মজুদ করে আসছিলেন এবং একটি কক্ষে বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে প্রশাসনের কর্তাব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে ৯৯ বস্তা চাল উদ্ধার করেন এবং তা সাময়িকভাবে ইউনিয়ন পরিষদে নিয়ে হেফাজতে রাখেন।
এদিকে বাড়ি থেকে চাল উদ্ধারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জামায়াত নেতা মো. আবদুস সামাদ। ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তিনি একে একটি “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” ও “কুচক্রী মহলের ষড়যন্ত্র” বলে দাবি করেন।
ভিডিও বার্তায় তিনি বলেন”সম্প্রতি আমাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন পত্রিকায় মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হচ্ছে। মূলত আমার ছোট ভাই ইলিয়াস গং (ডা. আজগর) একজন বৈধ ডিলার। সে বিভিন্ন মাদ্রাসা থেকে সরকারি বরাদ্দের এই চালগুলো সম্পূর্ণ বৈধ উপায়ে ক্রয় করেছে। এই চাল ক্রয়ের পেছনে প্রয়োজনীয় সকল কাগজপত্র, রশিদ এবং ডকুমেন্ট আমাদের কাছে সম্পূর্ণ সংরক্ষিত আছে।”
তিনি আরও উল্লেখ করেন যে, এই চালগুলো ‘শিক্ষাক্রাম দারুল উলুম ইসলামী মাদ্রাসা’, ‘আশরাফুল উলুম ইসলামী মাদ্রাসা’ এবং ‘ইখলাস নূরানী ও কওমি মাদ্রাসা’ থেকে নিয়ম মেনেই কেনা হয়েছিল। একটি মহল রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিষয়টিকে ভিন্ন খাতে মোড় নেওয়ার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।




















