
চাটখিল টিভি ডেস্কঃ
রামিসা হত্যা মামলার অন্যতম প্রধান ও অকাট্য সাক্ষী উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন আদালতে সাক্ষ্য দেওয়ার সময় আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েছেন।
গতকাল (মঙ্গলবার) মামলার নির্ধারিত শুনানিতে তিলে তিলে শেষ হওয়া অবুঝ শিশু রামিসার সুরতহাল ও মরদেহ জব্দের রোমহর্ষক বর্ণনা দেওয়ার সময় আদালত কক্ষে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
এ সময় এজলাসে উপস্থিত বিচারক, আইনজীবীসহ সকলের চোখেই নীরব অশ্রু দেখা যায়।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে নিহত রামিসার মরদেহ নিজ হাতে উদ্ধার ও জব্দ করেছিলেন এসআই ইকবাল হোসেন। আজ আদালতে সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়ার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
সাক্ষ্যদান শেষে আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের ভেতরের জমে থাকা কষ্ট উগড়ে দেন এই পুলিশ কর্মকর্তা। ভেজা চোখে তিনি বলেন, “ভাই, ঘটনার দিন রামিসার ওই নিষ্পাপ দেহটি দেখার পর আমি টানা ১০ দিন ঠিকমতো ভাত খেতে পারিনি। ওর বয়সী আমার নিজেরও একটা কন্যাসন্তান আছে। আমিও তো একজন বাবা! একটা অবুঝ শিশুকে এতটা নৃশংসভাবে আঘাত করা হয়েছে, যা দেখার পর কোনো মানুষের পক্ষেই স্বাভাবিক থাকা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “চাকরি জীবনে অনেক ঘটনা দেখেছি, কিন্তু এই ছোট্ট রামিসার মরদেহ নিজ হাতে তোলার পর যে কষ্ট আমি পেয়েছি, তেমনটা আর কখনো পাইনি। আমি এই নির্মম হত্যাকাণ্ডের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি।”
উল্লেখ্য, দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা অবুঝ শিশু রামিসা হত্যা মামলার বিচার কাজ বর্তমানে দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলমান রয়েছে।
এসআই ইকবালের এই অকাট্য ও আবেগঘন সাক্ষ্য মামলাটির ন্যায়বিচার নিশ্চিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।















