
চাটখিল টিভি ডেস্কঃ
নোয়াখালীর চাটখিল উপজেলায় একই পরিবারে পরপর দুটি মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম চলছে। উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাটের বাড়িতে গতকাল এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে ওই বাড়ির এক বৃদ্ধা দীর্ঘদিন ক্যানসার রোগে আক্রান্ত থাকার পর শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পর পরিবার ও এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়।
এরই কিছুক্ষণ পর, পরিবারের সবার অগোচরে ৪ জন নাতি-নাতনি বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করতে পুকুরে নামেন।
উদ্ধারকারীদের বরাতে জানা যায়:১ জনকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়।বাকি ৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।
একই দিনে ক্যানসারে আক্রান্ত দাদির মৃত্যুর পরপরই এভাবে পানিতে ডুবে নিষ্পাপ শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারটিতে চলছে কান্নার রোল। এই হৃদয়বিদারক ঘটনায় হাটপুকুরিয়া ইউনিয়নজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
















