
নিজস্ব প্রতিবেদকঃ
নোয়াখালীর সোনাইমুড়ী থানা এলাকায় সিএনজি চালিত অটোরিকশায় এক নারী যাত্রীকে মারধর করে কান ও গলার স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত ৩১ জুলাই ২০২৬ তারিখে ঘটনাটি ঘটলেও পরবর্তীতে ভুক্তভোগী নারী সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী রেহানা আক্তার (৫২), স্বামী- মোঃ সেলিম, সাং- হাটগাঁও (হাজী আব্দুল মুজিদ বাড়ী), ২নং ওয়ার্ড, সোনাইমুড়ী, নোয়াখালী। তিনি ঘটনার দিন সন্ধ্যা আনুমানিক ০৬:৩০ ঘটিকার সময় আমকি বাজার সিএনজি স্টেশন থেকে বাংলা বাজার যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজিতে ওঠেন। উক্ত সিএনজিতে আগে থেকেই চালকের পাশে একজন অজ্ঞাতনামা পুরুষ এবং পেছনে একজন অজ্ঞাতনামা মহিলা যাত্রী হিসেবে বসা ছিলেন।
সিএনজিটি আমকি বাজার থেকে কিছু দূর যাওয়ার পর সোনাইমুড়ী থানাধীন আশ্রয়ণ প্রকল্পের সামনে পাকা রাস্তার ওপর পৌঁছালে সিএনজি চালক গাড়িটি থামিয়ে দেয়। এ সময় পেছনে থাকা অজ্ঞাতনামা মহিলা যাত্রীটি হঠাৎ রেহানা আক্তারের মুখ চেপে ধরেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে চালক ও তার পাশে থাকা পুরুষ সহযাত্রীসহ সবাই মিলে তাকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে জখম করে।
একপর্যায়ে ছিনতাইকারীরা জোরপূর্বক রেহানা আক্তারের কান থেকে ৭০,০০০/- টাকা মূল্যের একজোড়া কানের দুল এবং গলা থেকে ১,৫০,০০০/- টাকা মূল্যমানের একটি স্বর্ণের চেইন ও হাত থেকে একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়। এরপর তাকে সিএনজি থেকে একটি কাঁচা রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরবর্তীতে ভুক্তভোগী রেহানা আক্তার কোনোমতে তার বোনের বাড়িতে পৌঁছান এবং তার আত্মীয়দের সহায়তায় সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। ঘটনার আকস্মিকতা ও শারীরিক অসুস্থতার কারণে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে তিনি এজাহারে উল্লেখ করেছেন।
এই ঘটনার প্রেক্ষিতে সোনাইমুড়ী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
















