
বিধানসভা নির্বাচন: মমতা ব্যানার্জীর ‘ঘরের মাঠে’ মুখোমুখি দুই হেভিওয়েট
চাঁদরিমা হায়দার (দুর্গাপুর);
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। এ ধাপে রাজ্যের রাজধানী কলকাতাসহ দক্ষিণবঙ্গের মোট ১৪২টি আসনে ভোট হচ্ছে। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১ হাজার ৪৪৮ জন প্রার্থী, যার মধ্যে ২২০ জন নারী। মোট ভোটার সংখ্যা ৩ কোটি ২১ লাখ ৭৩ হাজার ৮৩৭ জন। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এই দফায় ভোট হচ্ছে নদিয়ার ১৭টি, উত্তর ২৪ পরগনার ৩৩টি, দক্ষিণ ২৪ পরগনার ৩১টি, কলকাতার ১১টি, হাওড়ার ১৬টি, হুগলির ১৮টি এবং পূর্ব বর্ধমানের ১৬টি আসনে। দ্বিতীয় দফায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৪১ হাজার একটি। এর মধ্যে ৩৯ হাজার ৩০১টি প্রধান বুথ এবং প্রায় ১ হাজার ৭০০টি সহায়ক বুথ রয়েছে।
নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিজেপি, কংগ্রেস, সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট, আইএসএফ এবং আম জনতা উন্নয়ন পার্টিসহ অন্যান্য দল। তবে অধিকাংশ আসনেই মূল লড়াই তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে।
এই দফার সবচেয়ে বড় আকর্ষণ হলো একই আসনে মুখোমুখি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। আজকের ভোটেই তাদের রাজনৈতিক ভাগ্য অনেকটা নির্ধারণ হয়ে যাবে
প্রথম দফার নির্বাচনে রেকর্ড ৯২ শতাংশ ভোটার উপস্থিতি দেখা যায়, যা রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাখ্যা-বিশ্লেষণের প্রতিযোগিতা তৈরি করেছে। এখন নজর দ্বিতীয় দফার ফলাফলের দিকে।
দক্ষিণবঙ্গ ঐতিহ্যগতভাবে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। ২০২১ সালের নির্বাচনে এই অঞ্চলের ১৪২টি আসনের মধ্যে ১২৩টিই পেয়েছিল দলটি। বিজেপি পেয়েছিল ১৮টি এবং বামফ্রন্ট মাত্র ১টি আসন।
এবার সেই ঘাঁটি ভাঙাই বিজেপির বড় চ্যালেঞ্জ। দলটি চাকরি, অনুপ্রবেশ, দুর্নীতি ও নারীর নিরাপত্তার মতো ইস্যু সামনে এনে প্রচার চালাচ্ছে। প্রচারণায় অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় ‘বহিরাগত’ ইস্যু, রাজ্যের সংস্কৃতি ও উন্নয়ন তুলে ধরে ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন। তবে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগও সামনে এসেছে, যা ফলাফলে প্রভাব ফেলতে পারে।
সবচেয়ে আলোচিত লড়াই হচ্ছে কলকাতার ভবানীপুর আসনে। এখানে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা ও শুভেন্দু; যা পুরো নির্বাচনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এ দফার অন্যান্য গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, শশী পাঁজা, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, সুজিত বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বপন দাশগুপ্ত, রূপা গাঙ্গুলিসহ আরও অনেকে।
পশ্চিমবঙ্গসহ অন্যান্য রাজ্যে অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনা হবে আগামী ৪ মে।


























