
চাটখিল টিভি ডেক্স :
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, একটি দল মাদ্রাসা শিক্ষাকে নিজেদের দলীয় কাজে ব্যবহার করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তারা মুখে মানুষকে বেহেশত দিয়ে দেয়, আরে বেহেশত কি কিনলে পাওয়া যায়। তাহলেতো খারাপ মানুষ টাকা দিয়ে বেহেশতে চলে যেতো। যার যার আমলনামার হিসেব তাকে দিতে হবে। সবাইকে সজাগ থাকতে হবে যেনো এটাকে কেউ রাজনৈতিক ভাবে ব্যবহার করতে না পারে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে নিজ নির্বাচনী এলাকা সোনাইমুড়ী উপজেলার থানারহাট ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ সব কথা বলেন।
ব্যারিস্টার খোকন একটি দলকে উদ্দেশ্য করে আরও বলেন, রাজনীতি করেন রাজনৈতিক কথা বলেন। অর্থনীতির কথা বলেন, উন্নয়নের কথা বলেন। আপনারা কিভাবে বলেন এখানে ভোট দিলে বেহেশতে যাবা ওখানে ভোট দিলে দোযকে যাবা। ওটাতো মানুষের আমলের ওপর ভিত্তি করে আল্লাহ নির্ধারণ করবে। এগুলো বলা গুনাহ, এসব হারাম। এসব কর্মকাণ্ডের কারণে তাদের মানুষ বিশ্বাস করেনি এবং গ্রহণও করেনি। তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে তারা যেন রাজনীতিতে ধর্মকে ব্যবহার না করতে পারে।
থানারহাট ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জাবেদ লকিয়ত সুমনের সভাপতিত্বে ও সদস্য নূর নবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন, কমিটির সদস্য হুমায়ন কবির ও মাদ্রাসা সুপার এবং সদস্য সচিব মাওলানা মোহাম্মদ হাফেজ আহমদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
























