
চাটখিল টিভি ডেস্কঃ
ইতালির মনফালকোনে শহরে বহুল আলোচিত সেই পরকীয়া ঘটনার এক নাটকীয় ও ইতিবাচক সমাপ্তি ঘটেছে। সব তিক্ততা আর সামাজিক সমালোচনা পেছনে ফেলে, তিন সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে স্ত্রীকে বড় মনের পরিচয় দিয়ে ক্ষমা করে দিয়েছেন স্বামী।
বিগত কয়েক সপ্তাহ ধরে ইতালি প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং সোশ্যাল মিডিয়ায় মনফালকোনের এই পরিবারটিকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে এই সুখী পরিবারটি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। তবে শেষ পর্যন্ত সকল অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ভালোবাসারই জয় হয়েছে।
কয়েকদিন আগে ভুক্তভোগী স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে দাবি করেছিলেন যে, তিনি সুস্থ মস্তিষ্কে এই পথে পা বাড়াননি। জনৈক এক যুবকের পক্ষ থেকে তাকে জাদুটোনা করে বশীভূত করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। লাইভে তিনি সন্তানদের দোহাই দিয়ে নিজের ভুল স্বীকার করে কান্নাকাটি করেন এবং এক পর্যায়ে চরম হতাশা থেকে আত্মহননের হুমকিও দিয়েছিলেন।
ঘটনাটি নিয়ে পুরো ইতালি প্রবাসীদের মাঝে গভীর আফসোস ও সমালোচনার সৃষ্টি হলেও, ওই প্রবাসী স্বামী নজিরবিহীন এক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি প্রমাণ করেছেন যে, সন্তানের সুন্দর ভবিষ্যতের কাছে ব্যক্তিগত ক্ষোভ বা সামাজিক মর্যাদা অতি তুচ্ছ। স্ত্রীকে তাঁর ভুল বুঝতে পারার সুযোগ দিয়ে তিনি আবারও তাকে আপন করে নিয়েছেন।
বর্তমানে এই দম্পতি তাদের সন্তানদের নিয়ে স্বাভাবিক জীবনযাপন শুরু করেছেন। সম্প্রতি স্থানীয় রাস্তায় এই দম্পতিকে সন্তানদের হাত ধরে একসাথে হাঁটতে দেখা গেছে, যা দেখে মনফালকোনে কমিউনিটির মানুষ অত্যন্ত স্বস্তি প্রকাশ করেছেন। স্বামীর এমন মহানুভবতা এবং ক্ষমার সিদ্ধান্তকে আধুনিক সমাজের জন্য একটি বড় নজির হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা।





















