
চাটখিল টিভি ডেস্ক:
মানব পাচার মামলায় আদালতের পরোয়ানাভুক্ত নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. আজাদকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দোলাইরপাড় মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে চাটখিল থানা পুলিশ তাকে আদালতে পাঠায়।
গ্রেপ্তার আজাদ চাটখিল উপজেলার শংকরপুর গ্রামের কবিরাজ বাড়ির মৃত সামছুল হকের ছেলে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে এসআরবির একটি দল ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দোলাইরপাড় মোড়ে অভিযান চালিয়ে আজাদকে গ্রেপ্তার করে।
এসআরবি সূত্রে আরও জানা যায়, মামলার বাদী একজন ইতালিপ্রবাসী। ইতালি যাওয়ার উদ্দেশ্যে ২০২৩ সালের আসামি আজাদের কাছে বিভিন্ন সময়ে ১০ লাখ টাকা প্রদান করেন তিনি। পরবর্তী সময়ে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত হয়ে লিবিয়ায় পৌঁছালে এদের একটা চক্র তাকে লিবিয়ায় অবস্থানরত মানব পাচার চক্রের সদস্যদের কাছে বিক্রি করে দেন। সেখানে চক্রের সদস্যরা তাকে শারীরিক নির্যাতন করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে বাংলাদেশে থাকা তার মা ও স্ত্রী ব্যাংক থেকে ঋণ নিয়ে মুক্তিপণের টাকা পরিশোধ করে তাকে মুক্ত করেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১১, সিপিসি-৩, নোয়াখালীর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু।
















